কুষ্টিয়া ও মেহেরপুরের ছয় চরমপন্থী শিবচরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে গতকাল বুধবার দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাঁদের নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য বলে দাবি করেছে। এঁদের বাড়ি কুষ্টিয়া ও মেহেরপুর।শিবচর থানা সূত্রের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে কালু মণ্ডল ও মনিরুল ইসলাম নামের দুই ব্যক্তি শিবচর থানায় আসেন। তাঁরা পুলিশকে জানান, কুষ্টিয়ার হিছাব আলী ও সাহাবুল মণ্ডল নামের দুই চরমপন্থী শিবচরের কুতুবপুর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে কালু মণ্ডল ও মনিরুলকে নিয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গতকাল ভোরে কুতুবপুরে অভিযান চালায়। ওই এলাকার একটি বাড়ি থেকে হিছাব আলী (৩০), তাঁর স্ত্রী সুমাইয়া বেগম (২২), সাহাবুল মণ্ডল (২৮) ও তাঁর স্ত্রী হাসিনা বেগমকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মোবাইল ফোনের আটটি সিম, চারটি মোবাইল ফোনসেট ও পাউডার জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানান, কালু মণ্ডল ও মনিরুল ইসলামও চরমপন্থী দলের ক্যাডার। পরে ওই দুজনকেও পুলিশ গ্রেপ্তার করে।শিবচর থানায় হাসিনা ও সুমাইয়া এ প্রতিবেদককে জানান, শিবচরের বিভিন্ন এলাকায় কুষ্টিয়া ও মেহেরপুরের অনেক চরমপন্থী বাস করছেন। তাঁরা কেউ ফেরিওয়ালা, কেউ রিকশা-ভ্যানচালকের ছদ্মবেশে রয়েছেন। এমন অনেকেই কুতুবপুরে তাঁদের ভাড়া বাসায় যাতায়াত করতেন।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিল জানান, গ্রেপ্তার হওয়া ছয়জনই চরমপন্থী দলের সদস্য। মনিরুলের বাড়ি মেহেরপুরের গাংনী। বাকি সবার বাড়ি কুষ্টিয়ায়। এঁদের মধ্যে কালু মণ্ডল কুষ্টিয়ার মিরপুর থানার তালিকাভুক্ত চরমপন্থী ক্যাডার। সাহাবুল দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। অন্যরা একাধিক মামলার পলাতক আসামি।