কুষ্টিয়া ও রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দুই ছাত্রসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় রুবাইয়াত ইসলাম (২৩) নামে এক কলেজছাত্র ও অজ্ঞাত এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তমা নামে (২০) আরেক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী রিপনসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়ার ব্যস্ত সড়ক মজমপুর রেলগেটে এ ঘটনা ঘটে। এছাড়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনোয়ার হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।রুবাইয়াত ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের ছাত্র। তমা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার ফরিদুর রহমানের মেয়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, আজ বিকেলে রিকশায় করে রুবাইয়াত ও তমা কুষ্টিয়া শহর থেকে চৌড়হাস বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। রিকশাটি মজমপুর গেটে রাজ্জাক তেল পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন এবং রুবাইয়াত ও তমা আহত হন। তাঁদের জেনারেল হাপাতালে নেওয়ার পথে রুবাইয়াত মারা যান। তমার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজশাহী: এদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই রেল ক্রসিংয়ে আজ ট্রেনের নিচে পড়ে আনোয়ার হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে চান্দলাই গ্রামের একরামুল হকের ছেলে। সে তানোর ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা ট্রেনটি চান্দলাই রেল ক্রসিংয়ে ধীরগতিতে চলছিল। এ সময় আনোয়ার ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোনায়েম বলেন, এ ব্যাপারে জিআরপি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।