কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেবিকাদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যরত সেবিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দোষী ব্যক্তির শাস্তির দাবিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ সেবিকাদের কর্মবিরতি আজ সোমবারও অব্যাহত রয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন ও চিকিত্সার জন্য আসা রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।আজ সোমবার বেলা ১২ টার দিকে হাসপাতাল থেকে প্রায় ১৩৮ জন শিক্ষানবিশ সেবিকা বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে জমায়েত হন। তাঁরা সেবিকা নিগ্রহের ঘটনার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় সিভিল সার্জনকে কার্যালয়ে না পেয়ে কয়েকজন সেবিকা সেখানে ভাঙচুরের চেষ্টা চালান।এরপর বিক্ষোভ মিছিলটি হাসপাতালের বারান্দায় স্লোগান দিতে থাকে। এ সময় সেখানে রোগীদের চিকিত্সাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বিক্ষুব্ধ সেবিকারা এ সময় হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়কের কক্ষে তালা ঝুলিয়ে দেন।উল্লেখ্য, ১৫ জানুয়ারি হাসপাতালে চিকিত্সাধীন এক রোগীর ভাই আনিস রহমান রোগীর সেবাকে কেন্দ্র করে কর্তব্যরত অবস্থায় শিক্ষানবিশ সেবিকা তনুশ্রী সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আহত তনুশ্রী বর্তমানে হাসপাতালের স্টুডেন্ট সিকরুমে চিকিত্সাধীন। ঘটনার দিন সন্ধ্যায় তনুশ্রী আনিসের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেন। সেবিকাদের একটি প্রতিনিধিদল এ সময় আনিসের বিচারের দাবিতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়।১৩৮ শিক্ষানবিশ সেবিকাদের প্রতিনিধিদলের প্রধান আফরোজা খানম স্মৃতি বলেন, ‘আজ বেলা একটায় আল্টিমেটাম শেষ হয়ে যাওয়ার পরও আনিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আমাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।’এ মুহূর্তে ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা চলছে। এ সভায় সমস্যার সমাধান না হলে কাল থেকে হাসপাতালের সর্বস্তরের সেবিকারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন।