কুষ্টিয়া জেলার সব রুটে আগামী ৪ মার্চ থেকে পরিবহন ধর্মঘট
তিন দফা দাবিতে কুষ্টিয়া জেলার সব রুটে আগামী ৪ মার্চ থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহনের মালিকেরা।আজ শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাকক্ষে ওই সংস্থার সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম এক সংবাদ সম্মেলনে এই পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিবহন-মালিকদের করা মামলার আসামিদের গ্রেপ্তার ও প্রশাসন কর্তৃক হাইওয়ে সড়কে অবৈধ নছিমন, করিমন ইত্যাদি যানবাহন চলাচল বন্ধের পদক্ষেপ এবং কুষ্টিয়া জেলা বাইপাস সড়ক বাস্তবায়নের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। আগামী ৪ মার্চ ভোর ছয়টা থেকে কুষ্টিয়া জেলার সব রুটে বাস, মিনিবাস, ট্রাক, ট্যাংক-লরি, অটোরিকশা, মাইক্রোবাসসহ ভাড়ায় চালিত সব ধরনের যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি বিকেলে খুলনা থেকে কুষ্টিয়ায় আসার পথে কুষ্টিয়ার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঝিনাইদহের শৈলকুপার চাঁদপুর নামক স্থানে দুজন নিহত হয়। এ ঘটনার পরপরই স্থানীয় বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতির সদস্য একরামুল হক ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় একটি মামলা করেন। মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি।