কুষ্টিয়া পৌর এলাকায় পানিসংকট দেখা দিয়েছে। গত দুই মাস ধরে পৌরসভায় বসবাসকারী দেড় লাখ মানুষ পানির অভাবে দুর্বিষহ জীবন যাপন করছে। জানা যায়, দেড় লাখ পৌরবাসীর প্রায় এক লাখই পৌরসভার সরবরাহ করা পানি ব্যবহার করে থাকে। কিন্তু গত দুই মাস ধরে তারা বাড়ির থালাবাসন ধোয়ার মতো পানিও পৌরসভা থেকে পাচ্ছে না।সরেজমিনে পৌর এলাকা ঘুরে দেখা গেছে, অনেক নলকূপ অকেজো হয়ে আছে। যেগুলো ভালো সেগুলোর মধ্যে অনেক নলকূপ থেকে পানি উঠছে না। ফলে শহরের প্রতিটি বাসাবাড়িতেই পানির অভাবে দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে।পৌরসভার থানাপাড়ার বাসিন্দা গৃহিণী নোমেছা খাতুন বলেন, ‘আগে প্রতিদিন তিন ঘণ্টা করে বাড়িতে পৌরসভার পানি পেতাম। এখন এক ঘণ্টাও পাচ্ছি না।’ একই ধরনের অভিযোগ করেন শহরের কুঠিপাড়ার বাসিন্দা মেহেরুন নেছা। তিনি বলেন, ‘মাস খানেক আগেও নিয়মিত পানি পাচ্ছিলাম। এখন পাচ্ছি না। দূর থেকে পানি সংগ্রহ করে আপাতত প্রয়োজন মেটাচ্ছি।’ পৌরসভা সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকার সাড়ে পাঁচ হাজার গ্রাহকের মাধ্যমে প্রায় ৮০ হাজার মানুষ পৌরসভার পানি ব্যবহার করে থাকে। পৌরসভার ১৩টি গভীর নলকূপ থেকে তিনটি ওভারহেড ট্যাংক ও তিনটি আয়রন রিমুভাল প্ল্যান্টের মাধ্যমে গ্রাহকদের প্রতিদিন ৮৫ লাখ লিটার পানি সরবরাহ করা হয়। কিন্তু গ্রাহকেরা রিজার্ভ ট্যাংক না করে পানি সরবরাহের প্রধান লাইনের সঙ্গে সরাসরি মোটর লাগিয়ে পানি উত্তোলন করার কারণে পৌরসভা পানির চাহিদা পূরণ করতে পারছে না।এ ছাড়া পৌর এলাকার চরাঞ্চলগুলোতেও পানিসংকট প্রকট আকার ধারণ করেছে। ভূগর্ভস্থ পানির স্তর চার ফুট নিচে নেমে যাওয়ায় পৌর এলাকার প্রায় তিন হাজার নলকূপের অধিকাংশেই পানি উঠছে না। এ ব্যাপারে পৌর মেয়র আনোয়ার আলী প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে লোডশেডিংয়ের কারণে চাহিদামতো পানি উত্তোলন করতে না পারায় সাময়িক সংকট দেখা দিয়েছে। আর যে পরিমাণ পানি আমরা সরবরাহ করে থাকি, গ্রাহকেরা যদি সেই পানি অপচয় না করত এবং অবৈধভাবে পানি সরবরাহ লাইনের সঙ্গে মোটর লাগিয়ে পানি উত্তোলন না করত, তাহলে সংকট এত প্রকট আকার ধারণ করত না। তা ছাড়া কুষ্টিয়ায় পানিতে প্রচুর পরিমাণে আয়রন ও আর্সেনিক রয়েছে। এ জন্য প্রাকৃতিক পানি মজুদ করে পানির চাহিদা মেটানোর জন্য পৌরবাসীকে বলা হয়েছে।’