কুষ্টিয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
কুষ্টিয়া পৌরসভা এলাকায় একই স্থান ও সময়ে দুই পক্ষ সমাবেশ ডাকায় আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে আজ সকাল ১০টায় প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালার বিরুদ্ধে জেলা খেলাফত মজলিশ সমাবেশের ডাক দেয়। ওই সমাবেশে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভাপতি ফজলুল হক আমিনীর বক্তব্য দেওয়ার কথা ছিল। একই স্থানে একই সময়ে কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড সমাবেশের ডাক দেয়। ফলে আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসক পাবলিক লাইব্রেরি মাঠসহ কুষ্টিয়া পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশে ১৪৪ ধারা জারি করে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসক আবদুল মান্নান আজ সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ রাখার নির্দেশ দিয়েছেন।