কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে চারজনকে। গতকাল সোমবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি মাজহারুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়। সরকারি কলেজে জেলা যুবলীগের নেতা-কর্মী ও কলেজ ছাত্রলীগ শাখার মধ্যে গত দুই দিনের ব্যাপক সংঘর্ষ এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় ওই শাখার ছাত্রলীগের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও ভর্তিবাণিজ্যকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বহিষ্কৃত চারজন হলেন লিটন, ড্যানো, সেলিম ও কুসুম।বিবৃতিতে গত ১৪ ফেব্রুয়ারি কুষ্টিয়া সরকারি কলেজে কর্তব্যরত অবস্থায় দুজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তাত্ক্ষণিক দুঃখ প্রকাশ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তদন্তের ভিত্তিতে ঘটনার দিন সাংবাদিকদের কাজে বাধাদান ও লাঞ্ছিত করার দায়ে ছাত্রলীগের ওই চার কর্মীকে সংগঠনের সব কর্মকাণ্ড থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাঁদের গ্রেপ্তার করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়। এ ছাড়া ১৪ ও ১৫ ফেব্রুয়ারির ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের কুষ্টিয়া কলেজের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ক্যাম্পাসে কোনোরকম রাজনৈতিক কর্মকাণ্ড পালন না করারও নির্দেশ দেওয়া হয়। গত রোববার সকালে কুষ্টিয়া সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। খবর সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরের শিকার হন এক শিক্ষকসহ দুই সাংবাদিক। সোমবার কলেজ ক্যাম্পাসে শহর যুবলীগ ও কলেজ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন।