কুষ্টিয়া সরকারি কলেজে সংঘর্ষ ও গুলিবিনিময়, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের সামনে জেলা যুবলীগের হান্নান গ্রুপ ও ছাত্রলীগের কলেজ শাখার সাইফুল গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উভয়পক্ষের মধ্যে দেশে তৈরি অস্ত্র নিয়ে দুই ঘণ্টাব্যাপী মুখোমুখি সংঘর্ষ চলে। কলেজের পশ্চিম ও পূর্ব প্রান্ত থেকে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি সনো ডায়াগনস্টিকের সামনে একজনকে ককটেলের বিস্ফোরণ ঘটাতে দেখেছেন। এ সময় কলেজের ছাত্রছাত্রীরা আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ আটটি টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রামদা ও হাঁসুয়া উদ্ধার করেছে। উল্লেখ্য, গতকাল রোববার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে সম্মান (স্নাতক) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আবারও ছাত্রলীগের হামলায় পণ্ড হয়ে যায়। মৌখিক পরীক্ষা শুরুর পরপরই হামলাকারীরা কলেজের পরীক্ষাকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দেন। খবর সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরের শিকার হন প্রথম আলো ও দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি। সাংবাদিকদের রক্ষা করতে গিয়ে আহত হন কলেজের এক শিক্ষক। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে। কলেজে ২০০ আসনে নিজেদের পছন্দের শিক্ষার্থীকে ভর্তির দাবিতে ছাত্রলীগ এ নিয়ে দুই দফায় ভর্তি-কার্যক্রম বন্ধ করে দিল। জানা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা দীর্ঘদিন কলেজে ভর্তিবাণিজ্য চালিয়ে আসছিলেন। এবার ভর্তিবাণিজ্য ঠেকাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী ভর্তির কার্যক্রম পরিচালনার নির্দেশে ক্ষুব্ধ হন তাঁরা। কলেজ কর্তৃপক্ষের কাছে বিভিন্ন বিভাগে নিজেদের পছন্দের শিক্ষার্থীকে ভর্তির জন্য তাঁরা ২০০ আসন দাবি করেন। অন্যথায় ভর্তি বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তাঁরা।