কুষ্টিয়া ৩২ রাইফেলের ১২ আসামির ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় কুষ্টিয়া সেক্টরের ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে ১২ আসামি তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। আজ বুধবার সকাল আটটার দিকে কুষ্টিয়া সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ অভিযোগ গঠন করা হয়। আদালতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। এর আগে সকাল সাতটায় অভিযুক্ত ৪০ জনকে হাতকড়া পরিয়ে সেক্টর চত্বরে নেওয়া হয়।সকাল আটটায় আদালতের শুরুতে মামলার প্রসিকিউটর ৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার আইনুল জামাল আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন জানান। আদালতের সভাপতি কর্নেল নজরুল ইসলাম সরকার আবার আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং পৃথকভাবে আসামিরা দোষী না-নির্দোষ জানতে চান। এ সময় ১২ আসামি তাঁদের দোষ স্বীকার করেন। পরে আদালতের সভাপতি আসামিদের অভিযোগ গঠন করেন। আদালতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন মেজর মোহাম্মদ আশফাক হোসেন, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রমুখ।