কুষ্টিয়ার মিরপুরে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় মিরপুর উপজেলার পৌরসভা এলাকায় নবনির্মিত সেফটি ট্যাংকের ঢাকনা খোলার সময় অক্সিজেনের অভাবে দুজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় জীবন নামের আরেক শ্রমিককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর পৌর এলাকার মাহাবুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মিরপুর পৌরসভা এলাকার মোশাররফপুরের হায়দার সর্দারের ছেলে হেলাল সর্দার (৩০), বাজারপাড়া এলাকার ঝুমুর আলীর ছেলে শাহাজুল ইসলাম (২৬)। আহত জীবন একই এলাকার নুরুল ইসলামের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহাবুলের বাড়িতে প্রায় ১৫ দিন আগে একটি সেফটি ট্যাংক তৈরি করা হয়। আজ বিকেল সাড়ে চারটার দিকে হেলাল ওই ট্যাংকের মধ্যে ঠেকা দেওয়া বাঁশ খুলতে ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু হেলালের ওপরে উঠতে দেরি দেখে শাহাজুলও ট্যাংকের ভেতরে যান। তাঁদের দুজনের কারও কোনো সাড়া শব্দ না পেয়ে জীবন ট্যাংকের ভেতরে নেমে ওই দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।পরে মিরপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। জীবনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।