কুষ্টিয়ার মিরপুরে মহাসড়কে ডাকাতি, প্রতিবাদে অবরোধ
কুষ্টিয়ার মিরপুরের নওপাড়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে গতকাল সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের ভূমিকার প্রতিবাদে ডাকাতদের কবলে পড়া গাড়িগুলোর চালক ও যাত্রীরা মহাসড়কের ওই এলাকা আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অবরোধ করে রাখে। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত দুই যাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। ডাকাতির শিকার গাড়ির চালক ও যাত্রীরা জানায়, গতকাল রাত ১২টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত মিরপুরের নওয়াপাড়া এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ওই সড়কে থাকা প্রায় ২৫টি বাস, ট্রাক, নসিমন ও করিমনের চালক ও যাত্রীদের জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতেরা। ডাকাতদের বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে দুই যাত্রী আহত হয়। চালক ও যাত্রীদের অভিযোগ, ঘটনাস্থলের পাশেই মিরপুর থানার পুলিশের টহল ছিল। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের এ ভূমিকার প্রতিবাদে বাস, ট্রাকের চালক ও যাত্রীরা আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘণ্টা নওপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ পুলিশকে অবহিত করেনি। তিনি এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পেয়েছেন বলে জানান। তিনি বলেন, পুলিশের হস্তক্ষেপে সকাল নয়টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।