কুষ্টিয়ায় অপহরণকারী চক্রের সাত সদস্য গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার ভোর রাত পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ও মিরপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি মুঠোফোন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো, শহিদুল ইসলাম (২২), আশরাফুল ইসলাম (২৬), হাসান আলী (২০), জুয়েল হোসেন (২১), কামরুল ইসলাম (২৩), উজ্জ্বল হোসেন (২২), জেকের আলী (২৩)। তাদের বাড়ি দৌলতপুর ও মিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে।মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের বকুল হোসেন নামের এক ব্যক্তি অপহরণ হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করলেও বকুলের মুঠোফোন ও মোটরসাইকেল অপহরণকারীদের কাছেই রয়ে যায়। পুলিশ বকুলের মুঠোফোনের সূত্র ধরে গতকাল সন্ধ্যায় শহিদুলকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেকের ছাড়া বাকিদের গ্রেপ্তার করা হয়। আর আজ ভোরে জেকেরকে পুলিশ মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতরা কুষ্টিয়া জেলায় মানুষ অপহরণ করে দৌলতপুর চরাঞ্চলে আটকে রেখে মুক্তিপণ আদায় করত। সাতজনকে বকুল অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।