কুষ্টিয়ায় অপহরণের সময় গণপিটুনিতে দুজন নিহত
কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রাম থেকে গত শনিবার রাতে দুই সহোদরকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শরিফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় কুষ্টিয়া সদর, মিরপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পৃথক চারটি মামলা হয়েছে। নিহত হওয়া ব্যক্তিরা হলেন ছমির উদ্দীন (৩২) ও রতন কুমার (২৫)। ছমিরের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াশিশা গ্রামে এবং রতন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথখোলা গ্রামের বাসিন্দা।পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার পোড়াদহ বাজারের কাপড় ব্যবসায়ী মীর মতিউল হক (২৯) ও তাঁর ছোট ভাই মীর মিরাজুল হক (২৬) দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় বড় আইলচরা গ্রামের বাড়ির সামনে থেকে ১৫-২০ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে চলে যায়। ওই ব্যবসায়ীদের বাড়ির সদস্যরা ঘটনাটি তাৎক্ষণিকভাবে কুষ্টিয়ার পুলিশ সুপারকে অবহিত করেন। কমিউনিটি পুলিশের সদস্য ও এলাকাবাসী তখন স্থানীয় মসজিদের মাইক থেকে অপহরণের ঘটনা জানিয়ে সবার সহযোগিতা চান। এ সময় এলাকার শত শত লোক লাঠিসোটা নিয়ে কাটদহ মাঠের মধ্যে অপহরণকারীদের ঘিরে ফেলে। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার নেতৃত্বে এক দল পুলিশ ছুটে আসে। এ সময় অপহরণকারীরা অপহূত দুই ভাইকে পিটিয়ে আহত করে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া করে অপহরণকারীদের দুজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। ওই রাতেই অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শরিফুল ইসলামকে চারটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ নলকোলা গ্রামের মাঠ থেকে আটক করে। শরিফুল মিরপুর উপজেলার অজ্ঞনগাছি গ্রামের বাসিন্দা। নলকোলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা প্রথম আলোকে জানান, গ্রামবাসীর পিটুনিতে রাত আড়াইটার দিকে ছমির মারা যান। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, শরিফুল পুলিশকে জানিয়েছেন, অপহরণের ঘটনায় ১২ জন জড়িত। তাদের মধ্যে দুজন গণপিটুনিতে মারা গেছে। অবশিষ্ট অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও জানান, অপহূত ব্যক্তিদের বাবা মাহবুবুল হক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ জনের নামে একটি অপহরণের মামলা করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বিস্ফোরকদ্রব্য আইনে আরও একটি হত্যা করেছে।অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, গতকাল সকালে সদর উপজেলার নলকোলা ইস্পাত সেতুর কাছ থেকে ছমিরের এবং মিরপুর উপজেলার কাটদহ গ্রামের মাঠ থেকে রতনের লাশ উদ্ধার করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান মুঠোফানে প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তিরা আলমডাঙ্গা ও মিরপুর সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল বলে অভিযোগ আছে। তারা আগে চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিল।