কুষ্টিয়ায় অপহরণের সময় যুবক উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের ঘোড়াঘাট এলাকার স্থানীয় জনগণ আজ সোমবার অপহরণের সময় একজন যুবককে উদ্ধার করেছেন। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অপহরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে।উদ্ধার হওয়া যুবকের নাম শাহিন আহমেদ (৩২)। তিনি রাজধানীর উত্তরার মোল্লারটেক এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে দুটি মোটরসাইকেলে চড়ে চার থেকে পাঁচজন যুবক শাহিনকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন। তাঁরা শহরের ঘোড়াঘাট এলাকায় পৌঁছালে শাহিন চিত্কার দেন। এ সময় লোকজন এগিয়ে এসে শাহিনকে উদ্ধার ও অপহরণকারী দলের সদস্য জুয়েল আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।কুষ্টিয়া সদর থানা পুলিশ তাঁদেরকে থানায় নিয়ে যায়। পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সানজিদা আকতার ওরফে শোভাকে (২৫) আটক করে । শাহিন আহমেদ জানান, তিনি পেশায় একজন ব্যবসায়ী। শোভা দীর্ঘদিন তাঁর স্বামী শাহিনসহ উত্তরায় তাঁদের পাশের বাসায় থাকতেন। পাঁচ মাস আগে তিনি কুষ্টিয়া শহরের কালিশংকর এলাকায় তাঁদের বাড়িতে চলে যান। সেখান থেকে তিনি মুঠোফোনে নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ করতেন। শোভার কথায় তিনি আজ কুষ্টিয়া এসে বাস থেকে নামার পর শোভার স্বামী শাহিন তাঁর বন্ধু জুয়েলসহ চার থেকে পাচঁজন যুবক তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান বলে শাহিন আহমেদ অভিযোগ করেন।শোভা জানান, শাহিন আহমেদ বিভিন্ন সময় তাঁকে প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া আসতে চাইত। তবে তিনি কখনোই শাহিনকে কুষ্টিয়ায় আসতে বলেননি।কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল আহসান জানান, শাহিনের দেওয়া তথ্যমতে সানজিদা আক্তার ওরফে শোভাকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। যেহেতু আগে থেকে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল, তাই বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।