কুষ্টিয়ায় অপহরণের সাড়ে চার মাস পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
অপহরণের চার মাস ১২ দিন পর কুষ্টিয়া জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোতাসসিম বিন মাজেদ ওরফে হূদয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া হেলাল উদ্দিন আহম্মেদ ওরফে ড্যানির (১৯) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে ভেড়ামারা উপজেলার নয়মাইল এলাকার মাঠে মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হূদয় কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর ইউনিয়নের মোল্লাতেঘরিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। জানা গেছে, হূদয়ের মা তাসলিমা খাতুন ছেলের লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মে সন্ধ্যায় হূদয় কলম-কাগজ কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় ২৪ মে তাঁর মা তাসলিমা খাতুন কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে থানা সাধারণ ডায়েরিটি অপহরণ মামলা হিসেবে গ্রহণ করে। পুলিশের সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সন্ধ্যায় পুলিশ কুষ্টিয়া শহর থেকে হেলালকে আটক করে। হেলাল পুলিশকে জানিয়েছে, হূদয় একটু নেশা করত। মুঠোফোনে তাঁর দোকান থেকে গান নিত। হূদয়ের বাবা দেশের বাইরে থাকায় পরিকল্পনা অনুযায়ী মুক্তিপণের জন্য ২৩ মে তাকে অপহরণ করা হয়। ওই রাতেই ভেড়ামারা উপজেলার দশ মাইলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার মায়ের কাছে মুক্তিপণের টাকা চাওয়া হয়। এ ঘটনার সঙ্গে আরও দুজন জড়িত ছিল। তবে হূদয়কে রাখার ঝামেলায় তাকে ২৪ মে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়। হূদয়ের পরিবার জানায়, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অপহরণকারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের কাছ থেকে দুই লাখ টাকাও নিয়েছিল।কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সরোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, হেলালকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে হূদয়ের লাশের সন্ধান দেয়। তার দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে হূদয়ের লাশ উদ্ধার করা হয়।