কুষ্টিয়ায় অস্ত্র-বোমাসহ জাসদ গণবাহিনীর সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ আজ শনিবার চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া বিল্লাল হোসেন (২৭) জাসদ গণবাহিনীর দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ নেতা সিদ্দিকুর রহমান ওরফে কালুর দেহরক্ষী ও সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের অধিবাসী।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম জানান, গতকাল শুক্রবার বিকেলে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিল্লাল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইবি থানা পুলিশ তাঁকে চ্যালেঞ্জের পর আটক করে। রাতে থানায় জিজ্ঞাসাবাদের সময় বিল্লাল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অস্ত্র ও বোমা রাখা আছে বলে স্বীকার করেন।তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যাত্রিছাউনির পেছনে একটি ব্যাগে রাখা একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মতিয়ার রহমান বলেন, বহিরাগত লোকজন ক্যাম্পাসে ঢুকে মহড়া দিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ইবি থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, এ মামলায় চরমপন্থী নেতা কালুকেও আসামি করা হয়েছে।