কুষ্টিয়ায় অস্ত্রসহ চরমপন্থী নেতা গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ নতুনপাড়া থেকে আজ বৃহস্পতিবার সকালে লিন্টু (৩৫) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার কুষ্টিয়া জেলা কমান্ডার ছিল বলে পুলিশ জানিয়েছে।কুষ্টিয়া মিরপুর থানার পুলিশ সকালে অভিযান চালিয়ে লিন্টু (৩৫) নামের এক ব্যক্তিকে দুটি গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় গত সোমবার থেকে পুলিশের বিশেষ অভিযান চলছে। আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চরমপন্থী দলের নেতা লিন্টু তাঁর বাড়িতে অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর হেফাজতে থাকা একটি এলজিসহ দুটি গুলি উদ্ধার করা হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, লিন্টু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার প্রতিষ্ঠাতা লাল্টুর ছোট ভাই। লাল্টু নিহত হওয়ার পর লিন্টুই মূলত দলের প্রধান হয়ে কাজ করে আসছিল। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা ও কুষ্টিয়া মিরপুর থানায় বিচারাধীন দুটি হত্যা মামলার পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত মিরপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।