কুষ্টিয়ায় অস্ত্রসহ জেএমবির এক সদস্য আটক
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে আশিকুল ইসলাম ওরফে সাজ্জাদ (২৫) নামে জেএমবির প্রশিক্ষণপ্রাপ্ত এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে জেএমবির প্রচারপত্র ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।আজ বৃহস্পতিবার ভোরে র্যাব-১২-এর একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।আজ দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২-এর পরিচালক লে. কর্নেল শামস আলাউদ্দীন আহম্মেদ এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর আওতাধীন কুষ্টিয়া কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামানের নেতৃত্বে আজ ভোরে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাজ্জাদকে আটক করা হয়। এ সময় তাঁর চৌকির নিচ থেকে জেএমবির সাংগঠনিক কর্মকাণ্ডের পরিকল্পনা ও কর্মপন্থা-সংবলিত বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। পরে সাজ্জাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালেই সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের যমুনা চরাঞ্চলের চর-বুরঙ্গী এলাকার জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পসংলগ্ন কাশবন থেকে একটি দেশীয় এলজি পিস্তল, ১০ রাউন্ড তাজাগুলি, আটটি তাজা হাতবোমা ও বেশ কিছু প্রশিক্ষণ পরিকল্পনার নথি উদ্ধার করা হয়।এ ঘটনায় সিরাজগঞ্জের কাজীপুর ও কুষ্টিয়ার ভেড়ামারা থানায় সন্ত্রাস দমন আইনে সংশ্লিষ্ট বিষয়ে দুটি পৃথক মামলা করা হয়েছে। সাজ্জাদকে ভেড়ামারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।