কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
কুষ্টিয়ায় ছিনতাইয়ের সময় গতকাল বুধবার রাতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুজন ছিনতাইকারী পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।এঁরা হলেন কাজিম আলী (২২) ও দীপু প্রামাণিক (২২)। কাজিম দৌলতপুর উপজেলার ফারাকপুর এবং দীপু শশীপুর গ্রামের বাসিন্দা।দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী প্রথম আলোকে জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মথুরাপুর হোসেনাবাদ সড়কে চার ছিনতাইকারী একটি নছিমনে যাত্রী ও চালকবেশে অপেক্ষা করছিল। এ সময় ওই গাড়িতে মোর্শেদ আলী নামে এক যাত্রী উঠলে অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা টাকা ও মুঠোফোন কেড়ে নেন তাঁরা। মোর্শেদের চিত্কারে আশপাশের লোকজন এসে ছিনকারীদের ধাওয়া করে। তারা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকার করেন। পরে ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি এলজি উদ্ধার করা হয়।এসআই শওকত আলী জানান, গ্রেপ্তার দুজন এবং পালিয়ে যাওয়া সাগর ও রফিক নামে দুজনের বিরুদ্ধে মোর্শেদ আলী বাদী হয়ে বিশেষ আইনে একটি মামলা করেছেন। এ ছাড়া মথুরাপুর পুলিশ ক্যাম্পের কর্মকর্তা নূহ নবী বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন।