কুষ্টিয়ায় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। র্যাব-১২ জানায়, কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি ও ১৩৬ বোতল ফেনসিডিলসহ সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালেই কুষ্টিয়া মডেল থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।দৌলতপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির খবর পেয়ে বিজিবির উদয়নগর ক্যাম্পের টহল দল গতকাল শুক্রবার রাতে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের লাদেনের চর এলাকা অভিযান চালায়। সেখান থেকে অস্ত্র ও গুলিসহ আবদুর রশিদ (২৫) ও আবদুল হালিম (৩৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ সকাল সাড়ে নয়টার দিকে তাঁদেরকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম ও কুষ্টিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক কল্পনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।