কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় আধিপত্য বিস্তার ও গোলযোগ সৃষ্টির অভিযোগে পুলিশ আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ভোরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেরামত আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনরুদ্দিন। মিজানুর রহমান জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ দাবি করেছে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে ঝাউদিয়া ইউনিয়নে কয়েকটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কটি মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে মিজানুর রহমান, কেরামত আলী ও মনরুদ্দিন পৃথকভাবে নেতৃত্ব দেন। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। সকালে তাঁদের কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই তিন নেতা বিরোধ সৃষ্টি করছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী ও চরমপন্থীদের মদদদানের অভিযোগ আছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পৃথক তিনটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চরমপন্থীদের গডফাদার। তাঁরা আড়াল থেকে চরমপন্থীদের ব্যবহার করে মানুষের ক্ষতি করে আসছিলেন।