কুষ্টিয়ায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া ও খোকসা থানা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে এ অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিক (৩২), কুষ্টিয়া সদর উপজেলার বেলগাছি গ্রামের আবদুল মালেক ওরফে আক্কাছ (৫০), বাগমারা গ্রামের নুরু মিয়া (৩৭)।পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমশপুর বাজারসংলগ্ন সাব-পোস্ট অফিস ও সোনার দোকানসহ বাজারের ১৮টি দোকানে গণডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নগর সাওতা গ্রাম থেকে রফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় রফিক পুলিশের কাছে সোমশপুর বাজারে গণডাকাতির কথা স্বীকার করেন। রফিক পুলিশকে ডাকাতিচক্রে জড়িত আরও ১৪ জন সদস্যের নাম জানান। তাঁর দেওয়া তথ্যমতে, পাংশা উপজেলার বাগমারা গ্রাম থেকে লুণ্ঠিত ছয় ভরি রুপার অলংকারসহ নুরুকে গ্রেপ্তার করা হয়। মালেককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন তরফদার বলেন, মালেক এর আগে চারটি ডাকাতি মামলায় কারাগারে ছিল। সম্প্রতি সে ছাড়া পেয়ে আবার ডাকাতি শুরু করে। রফিক দুটি বিচারাধীন ডাকাতি মামলার পলাতক আসামী। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর সোমবার রাতে ১৫ থেকে ১৬ জনের সশস্ত্র ডাকাত দল সোমশপুর বাজারের ছয়জন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ডাকাতেরা ওই বাজারের চারটি সোনার দোকান, দুটি ওষুধের দোকান ও চারটি মুদি দোকানসহ ১৮টি দোকানের তালা ভেঙে পাঁচ ভরি সোনা, ছয় ভরি রুপা ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।