কুষ্টিয়ায় আরেক নারী চরমপন্থী আটক
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কণা চৌধুরী (৩০) নামের এক নারীকে আটক করেছে কুষ্টিয়া সদর ও গোয়েন্দা শাখার পুলিশ। পুলিশের দাবি কণা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় নারী ক্যাডার। কুষ্টিয়া সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার গ্রেপ্তারকৃত লিপি ওরফে মিতার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের ওই এলাকায় বিপুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে কণাকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে রাতেই তাঁকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে লিপির মুখোমুখি করা হয়। জিজ্ঞাসাবাদে কণা তাঁর হেফাজতে অস্ত্র থাকার কথা জানায়। পুলিশ গভীর রাতেই কণার বাড়ির পেছন থেকে দুটি গুলিসহ একটি বিদেশি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করে।কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, গত কয়েক মাসে এ জেলায় ব্যাপক সাঁড়াশি অভিযান চালালে চরমপন্থী নেতারা ভারতে পালিয়ে যায় এবং বেশ কয়েকজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়। ভারতে পালিয়ে থাকা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা মান্নান মোল্লা ও মাদক সম্রাট বিপুল চৌধুরী একত্র হয়ে দেশে আবারও অস্ত্র, মাদক ও চাঁদাবাজি করার প্রক্রিয়া চালাচ্ছে বলে পুলিশের গোয়েন্দা সূত্রে জানা যায়।উল্লেখ্য, কুষ্টিয়ায় গত কয়েক মাসে বিভিন্ন চরমপন্থী দলের আট নারী সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।