কুষ্টিয়ায় আরেক নারী চরমপন্থী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করেন। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া কণা চৌধুরী (৩০) পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় নারী সদস্য। তিনি ভারতে পালিয়ে থাকা কুষ্টিয়ার অস্ত্র ও মাদক ব্যবসায়ী বিপুল চৌধুরীর স্ত্রী। কণার স্বীকারোক্তি অনুযায়ী, তাঁর বাড়ি থেকে দুটি গুলি ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত কয়েক মাসে কুষ্টিয়ায় বিভিন্ন চরমপন্থী সংগঠনের আট নারী সদস্যকে গ্রেপ্তার করা হলো।কুষ্টিয়া সদর থানার পুলিশ সূত্রের ভাষ্যমতে, গত সোমবার গ্রেপ্তার হওয়া লিপি ওরফে মিতা পুলিশকে জানায়, চরমপন্থী আরেক নারী সদস্যের কাছে অস্ত্র আছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার মধ্যরাতে শহরের পূর্ব মজমপুর এলাকার বিপুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে কণা চৌধুরীকে আটক করা হয়। রাতেই কণাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় মিতার মুখোমুখি করা হয়। দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে কণা চৌধুরী তাঁর দখলে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। গভীর রাতে তাঁর বাড়ির পেছনে শৌচাগারের স্লাবের নিচ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি রিভলবার ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়।কুষ্টিয়া সদর থানার পুলিশের উপপরিদর্শক রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই নারী চরমপন্থীকে গতকাল দুপুরে কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। দুজনকেই পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। হাকিম হাদীউজ্জামান সদর থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আরেকটি অস্ত্র মামলায় ১৬৪ ধারায় মিতার জবানবন্দি নেওয়া হয় এবং কণা চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।