কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকায় খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলামসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর মধ্যে চেয়ারম্যানের গলা কেটে মাথা নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আজমত আলী নামে আরেকজন দুই হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে সাত-আটজন সন্ত্রাসী একটি যাত্রীভর্তি নৌকার ওপর এই হত্যাকাণ্ড ঘটায়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কোনো চরমপন্থী দলের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে খোকসা থানায় একটি হত্যা মামলাসহ তিনটি মামলা ও দুটি সাধারণ ডায়েরি রয়েছে। তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তি বাহিনী ফরিদ-পক্ষের সদস্য ছিলেন। তবে কয়েক বছর আগে আওয়ামী লীগের সমর্থন নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। নূরুল ইসলাম খোকসা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিহত বাকি দুজন আমবাড়িয়ার বাসিন্দা আফজাল আলী ও ভুট্টো। চেয়ারম্যান ও আফজালের লাশ নদীতে ফেলে দেওয়া হয়। গতকাল রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ উদ্ধার হয়নি। পুলিশ ও চেয়ারম্যানের পারিবারিক সূত্রে জানা গেছে, চেয়ারম্যানসহ নিহত ব্যক্তিরা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে পাবনা আদালতে যান। হাজিরা শেষে তাঁরা নদীপথে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি আবু হানিফ প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে তিনি পাবনা সদর উপজেলার চরসাধিপুর খেয়াঘাট থেকে নৌকা নিয়ে শিলাইদহ খেয়াঘাটের দিকে রওনা হন। নৌকায় ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ছাড়াও প্রায় ১০০ যাত্রী ছিলেন। পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকায় সাত-আটজন অস্ত্রধারী এসে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তাঁদের নৌকার গতি রোধ করে। কয়েক মিনিটের মধ্যেই তারা চেয়ারম্যানকে বহনকারী নৌকায় উঠে পড়ে এবং নৌকার ইঞ্জিন বন্ধ করে হাতল (ইঞ্জিন চালানোর হাতিয়ার) নিয়ে নেয়। মাঝি আরও বলেন, নৌকায় ওঠার পর সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে যাত্রীদের ভয় দেখায় এবং মাথা নিচু করে থাকতে বলে। এরপর তারা চেয়ারম্যানসহ চারজনকে গুলি করে। গুলির পর তারা সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় এক সন্ত্রাসী চেয়ারম্যানের মাথা বিচ্ছিন্ন করে দেহটি পানিতে ফেলে দেয়। আরেকজন আফজাল আলীর দেহও পানিতে ফেলে দেয়। এরপর তারা চেয়ারম্যানের মাথা নিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তাদের নৌকায় করে চলে যায়। ভুট্টোর লাশ নৌকাতেই পড়ে থাকে। এ ঘটনা শিলাইদহ খেয়াঘাটের ইজারাদার রিয়াজ হোসেনও দূর থেকে প্রত্যক্ষ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রথমে তিনটি গুলির শব্দ শুনতে পাই। এরপর আরও পাঁচ-ছয়টা। ঘটনার পাঁচ-সাত মিনিট পর আরেকটা নৌকা নিয়ে পদ্মা নদীর মাঝে গিয়ে ঘটনার স্বীকার নৌকাটি তীরে নিয়ে আসি।’ খবর পেয়ে বেলা তিনটার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ও র‌্যাব কর্মকর্তা মাসুদুর রহমান ঘটনাস্থলে যান। শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন তারিক সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই খবর পেয়ে তিনি খেয়াঘাটে ছুটে যান। এ ঘটনা কেন ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। সন্ধ্যার দিকে খোকসা উপজেলার ধকড়াকোল গ্রামে চেয়ারম্যান নূরুল ইসলামের বাড়িতে গেলে দেখা যায়, তাঁর শতবর্ষী মা আকিরন নেছা নিথর হয়ে বসে আছেন। চেয়ারম্যানের স্ত্রী নূরজাহান বেগম পাগলপ্রায়। তাঁর তিন ছেলে আছে। নূরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চেয়ারম্যান সকালে মামলার হাজিরা দিতে পাবনায় যান। বেলা দেড়টার দিকে খেয়াঘাটে দাঁড়িয়ে চেয়ারম্যান একবার ফোন দেন। ওই সময় তিনি বলেছিলেন, “একটা নৌকা তীরে ভিড়ছে, ওটায় চরে নদী পার হব।” এরপর আধা ঘণ্টা পর শুনতে পাই তাঁকে মেরে নদীতে ভাসাই দিছে।’ কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, অপরাধীদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। এ রকম হত্যাকাণ্ড সাধারণত চরমপন্থীরা ঘটিয়ে থাকে।বাংলাদেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরাম কুষ্টিয়া শাখার সভাপতি আকতারুজ্জামান এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আজ বুধবার জেলার সব চেয়ারম্যানকে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তাঁরা।