কুষ্টিয়ায় এক চরমপন্থীর লাশ উদ্ধার
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাইবাড়িয়া বিলসংলগ্ন একটি তামাকের খেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লাশটি চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সক্রিয় সদস্য শাহীন ওরফে মুক্তি ৩১-এর। তাঁর বাড়ি সদর উপজেলার নান্দিয়া হারুলিয়া গ্রামে। এদিকে, গতকাল সোমবার রাতে কুষ্টিয়ার একটি স্থানীয় পত্রিকা অফিসে টেলিফোন করে ‘রাজীবদা’ নামের এক ব্যক্তি জাসদ গণবাহিনীর শাহীনকে হত্যার কথা স্বীকার করে। পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এক কৃষক তামাকের খেতে কাজ করার সময় সেখানে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে। কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবউদ্দিন খান জানান, তামাকের খেত থেকে উদ্ধার করা লাশটি জাসদ গণবাহিনীর সদস্য শাহীন ওরফে মুক্তি ৩১-এর। তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক কালে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে। গতকাল সোমবার রাতে কুষ্টিয়ার একটি স্থানীয় পত্রিকা অফিসে জনৈক ব্যক্তির ফোন করে এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করা প্রসঙ্গে তিনি বলেন, এ রকম একটি কথা শুনে আমরাও লাশ উদ্ধারের অভিযান শুরু করি। আজ সকালে এক কৃষক তাঁর তামাকের খেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে জানা গেছে, উদ্ধার করা লাশটিই শাহীনের।