কুষ্টিয়ায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি মাঠ থেকে আজ বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা লাশটি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক প্রধান এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোতালেব হোসেনের (৩৮)। এদিকে, নিহতের পরিবার দাবি করছে, র্যাব এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।উপজেলার সরকারপাড়া এলাকায় পরিবার নিয়ে বাস করতেন মোতালেব। তিনি দৌলতপুর উপজেলার গাছিড়দিয়াড় গ্রামের মৃত সিরাজ মালিথার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামের একটি মাঠে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে সকাল ১০টার দিকে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোতালেবের বিরুদ্ধে দৌলতপুর থানায় ছয়টি হত্যাসহ আটটি মামলা বিচারাধীন।এদিকে, মোতালেবের পরিবারের দাবি, র্যাব সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মোতালেবের ছোট ভাই বলেন, গতকাল বুধবার রাত আড়াইটার দিকে র্যাব পরিচয়ে কয়েক ব্যক্তি মোতালেবকে ঘর থেকে তুলে নিয়ে যান। পরে আজ সকালে ঝুটিয়াডাঙ্গা মাঠের তাঁর লাশ পড়ে থাকার খবর পান তাঁরা। তবে, কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের মেজর মাহফুজুল হক এ ঘটনা পুরোপুরি অস্বীকার করেন। তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, কুষ্টিয়া র্যাব কোনোভাবেই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। র্যাবের নাম ব্যবহার করে কেউ এ কাজ করে থাকতে পারে। এ ছাড়া চুয়াডাঙ্গা র্যাব ক্যাম্পের ক্যাপ্টেন হাসানুর রহমানও এ ঘটনা অস্বীকার করেন।