কুষ্টিয়ায় একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বহলবাড়িয়া মাঠ থেকে জামাল উদ্দিন ওরফে জামাল ডাকাত (৫২) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশের তালিকায় শীর্ষ ডাকাত বলে দাবি করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে মিরপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে মিরপুর উপজেলার নওদা-বহলবাড়িয়া সড়কের ১০০ গজ দূরে বহলবাড়িয়া মাঠের মধ্যে স্থানীয় কৃষকেরা গুলিবিদ্ধ একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, লাশটির বুকে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম মৃতদেহটি জামাল ডাকাতের বলে নিশ্চিত করেছেন।মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, জামালের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজির প্রায় ১২টি মামলা রয়েছে। যশোর বারোবাজার ট্রেনে বোরকা পরে ডাকাতির ঘটনায় জামাল আসামি।