কুষ্টিয়ায় কাবাডিতে চ্যাম্পিয়ন ভেড়ামারা
কুষ্টিয়া কাবাডি উৎসবে ভেড়ামারা উপজেলা দল চ্যাম্পিয়ন এবং সদর উপজেলা দল রানারআপ হয়েছে। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৭ আগস্ট সকাল নয়টায় কুষ্টিয়া স্টেডিয়ামে দিনব্যাপী কাবাডি উৎসব শুরু হয়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার শাহাবুদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড রিজিওনাল সেলস ম্যানেজার এস এম ইখতিয়ার রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীতিশ চন্দ্র সরকার। খেলা শুরুর পাশপাশি মুক্তমঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণিল আয়োজন। ছয়টি দলের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হয়। বিকেলে খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল মান্নান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আক্তার হামিদ।