কুষ্টিয়ায় কাল বিএনপির হরতাল, সংঘর্ষ
কুষ্টিয়া জেলায় আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। পুলিশের করা মামলায় আজ সোমবার বিএনপির ১৩ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। এদিকে, নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে কুষ্টিয়ার বড়বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। কুষ্টিয়ার নিম্ন আদালত আজ জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদ ও সাধারণ সম্পাদক সোহরাবউদ্দিনসহ ১৩ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আশরাফুল ইসলাম এ আদেশ দেন।কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আরজু প্রথম আলো ডটকমকে বলেন, নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল কুষ্টিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের করা মামলায় ১৩ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নিম্ন আদালত।