কুষ্টিয়ায় গণমুক্তি ফৌজের নেত্রী নাসরিন গ্রেপ্তার
কুষ্টিয়ায় গণমুক্তি ফৌজের নেত্রী নাসরিন ওরফে দাদি নাসরিনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শহরের আমলাপাড়ায় তাঁর বাবার বাড়িতে অভিযান চালিয়ে নাসরিনকে গ্রেপ্তার করে। নাসরিনের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলে পুলিশ দাবি করছে। ২০০৮ সালের ৬ জানুয়ারি, ১৭ জানুয়ারি, ২৫ জানুয়ারি, ১৮ ফেব্রুয়ারি ও ৬ মার্চ কুষ্টিয়া সদর থানায় পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যরা জিডিগুলো করেন। জিডিতে বলা হয়, গণমুক্তি ফৌজের সদস্য নাসরিন চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরণ, মুক্তিপণ না পেয়ে হত্যা ইত্যাদি অপরাধে জড়িত। পুলিশ সূত্র জানায়, নাসরিনকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেরুল আলম ও একই উপজেলার কলেজ শিক্ষক বান্দা ফাত্তাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বিকেলে নাসরিনকে ভেড়ামারা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর) আলমগীর হোসেনের ভাষ্যমতে, গত কয়েক মাস ধরে এ জেলায় চরমপন্থী সংগঠনের নারী সদস্যরা বেশ সক্রিয়। এ নারী চরমপন্থীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি দল গতকাল দুপুরে নেত্রী নাসরিনকে গ্রেপ্তার করে। সহকারী পুলিশ সুপার দাবি করেন, নাসরিন পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী নেত্রী। তিনি গণমুক্তি ফৌজের শীর্ষস্থানীয় নেতা শাহীনের ঘনিষ্ঠ বান্ধবী। বিভিন্ন সংগঠনের নারী চরমপন্থীদের একের পর এক গ্রেপ্তার হতে দেখে নাসরিন গা-ঢাকা দেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। সহকারী পুলিশ সুপারের দাবি, নাসরিন চরমপন্থী ক্যাডারদের অপারেশনে ব্যবহূত অস্ত্র বহন করতেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পর মোটরসাইকেল কিংবা অন্য যানবাহনের মাধ্যমে তাঁদের নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতেন। গত বছরের ১৫ আগস্ট রাতে জেলার ভেড়ামারা উপজেলার রেল বাজারে বিজেএম কলেজের প্রভাষক বান্দা ফাত্তাহকে নাসরিনের সরবরাহ করা অস্ত্র দিয়ে চরমপন্থী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। গতকাল দুপুর দেড়টার দিকে নাসরিনকে সহকারী পুলিশ সুপার (সদর) আলমগীর হোসেনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তিনি কোনো চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। নাসরিন জানান, অনেক আগে শাহীনের সঙ্গে তাঁর (নাসরিন) ভাই বেলালের যোগাযোগ ছিল। এ সূত্রে শাহীনের সঙ্গে তাঁর পরিচয় হয়। কিন্তু শাহীনের সংগঠনের সদস্য হয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার কথা তিনি অস্বীকার করেন। অনেক দিন ঢাকায় থাকার পর গত দুই দিন আগে তিনি কুষ্টিয়ায় আসেন। নাসরিনের দাবি, তাঁর হস্তশিল্পের ব্যবসা আছে। আমলাপাড়ার নিজেদের বাড়িতে তাঁর অধীনে ১০-১২ জন নারী এ শিল্পের কাজ করেন। সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের ভাষ্য, নাসরিন বিত্তবান পরিবারের সদস্য। তিনি দীর্ঘদিন আইনের চোখ ফাঁকি দিয়ে নানা অপরাধ চালিয়ে আসছিলেন। প্রায় সাত বছর আগে সদর উপজেলার এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু তিনি থাকতেন শহরের আমলাপাড়ায় তাঁর বাবা হোমিওপ্যাথি চিকিত্সক আবু বক্করের বাড়িতে। এ বাড়ি থেকেই চরমপন্থীদের বিভিন্ন অপারেশনে তিনি সহযোগিতা করতেন। তিনি শাহীনের হয়ে বিভিন্ন সময়ে শহরে অস্ত্র আদানপ্রদান ও চাঁদার টাকা আদায় করতেন। পাশাপাশি শহরের উঠতি চরমপন্থী সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ছিল তাঁর কাজ। পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, পাবনা, রাজবাড়ী, মেহেরপুর, ঝিনাইদহসহ দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের জেলাগুলোতে তিনি অস্ত্র ও মাদক সরবরাহ করতেন। পুলিশ সূত্রের দাবি, নাসরিনকে গ্রেপ্তারের সময় তাঁর কাছে দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। এ মোবাইল ফোনে ব্যবহূত সিমে বহু সন্ত্রাসী ও বিভিন্ন চরমপন্থী নেতার নম্বর পাওয়া যায়। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি মোবাইল ফোন নম্বরও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নাসরিন এখান থেকে ভারতে পালিয়ে থাকা শীর্ষস্থানীয় চরমপন্থী নেতাদের সঙ্গে যোগাযোগ করতেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন গতকাল রাতে প্রথম আলোকে জানান, নাসরিনকে বুধবার (আজ) সকালে কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। গত নভেম্বর থেকে এ নিয়ে পুলিশ কুষ্টিয়ার বিভিন্ন স্থান থেকে ছয়জন নারী চরমপন্থীকে গ্রেপ্তার করল। ডিবি পুলিশ গত ২ নভেম্বর রাতে অভিযান চালিয়ে গণমুক্তি ফৌজের নারী সদস্য নাসরিনের বোনের ননদ কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) তাসলিমা খান আঁখিকে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকায় একটি মাইক্রোবাস থেকে একে-৪৭ রাইফেল ও ৮২টি গুলিসহ গ্রেপ্তার করে। ৬ নভেম্বর দুপুরে নাসরিনের আপন ছোট বোন নাহিদ পারভিন চম্পাকে শহরের আড়ুয়াপাড়ার এক বাসা থেকে পুলিশ আটক করে। এর আগে রানী আক্তার, বৈশাখী রহমান চুমকি, বিথী ওরফে দুলি নামের আরও তিন নারীকে গ্রেপ্তার করা হয়।