কুষ্টিয়ায় গরু নিয়ে বিপাকে কৃষক ও খামারিরা
কুষ্টিয়া সদর উপজেলার হারুড়া গ্রামের কৃষক ফজলুর রহমান প্রায় ১৫ বছর ধরে গরু পালন করে আসছেন। প্রতি বছর ঈদুল আজাহার আগে ওই গরু চট্টগ্রামে বিক্রি করে প্রায় অর্ধেকের বেশি লাভবান হন। কিন্তু এবার তিনি খুবই হতাশার মধ্যে আছেন। ফজলুর রহমানের মতো ওই এলাকার নিত্যগোপাল, সিদ্দিক আলী, বাসুদেবসহ হতাশায় ভুগছে উপজেলার কৃষক ও গরু খামারিরা। অ্যানথ্রাক্স আতঙ্কে কয়েক হাজার কৃষক ও গরুর খামারিরা বিপাকে রয়েছেন।সেপ্টেম্বর মাসের শুরুতেই জেলার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের তথ্যমতে এ পর্যন্ত জেলায় ৫১ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। তাদের নিজ নিজ স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, জেলার দৌলতপুর উপজেলায় ৪৩টি ছাগল ও একটি গরু অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছে সাতটি ছাগল। সেগুলো মাটির গভীরে পুঁতে ফেলা হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে দৌলতপুর উপজেলায় সব গরু-ছাগলের অ্যানথ্রাক্স ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাগুলোতে দেওয়া হবে। জেলায় মোট ভ্যাকসিনের চাহিদা প্রায় পাঁচ লাখ। ভ্যাকসিন এসেছে মাত্র ৪৭ হাজার।কয়েকজন গরু খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার সবচেয়ে বেশি গরু পালন করা হয় সদর উপজেলায়। এ উপজেলা থেকে প্রতি বছর কোরবানির ঈদের আগে প্রায় দেড় লাখ গরু ঢাকাসহ চট্টগ্রামের হাটে বিক্রির জন্য যায়। সেখানে চড়া বিক্রিও হয়। ব্যাংক থেকে হাজার হাজার টাকা ঋণ নিয়ে জেলার কয়েক হাজার গরুর খামারিরা গরু পালন করে। গত কয়েক বছর যাবৎ এ জেলার অধিকাংশ এলাকায় পারিবারিকভাবে গড়ে ওঠা এসব খামার থেকে দেশের বিভিন্ন এলাকায় কোরবানিসহ বছরের অধিকাংশ সময় গো-মাংসের চাহিদা মেটানো হয়। তারা অভিযোগ করেন, এখন পর্যন্ত ওই এলাকায় সরকারিভাবে অ্যানথ্রাক্স প্রতিরোধে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি।সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের খামারি সাজ্জাদ রানা জানান, গত বছরের তুলনায় এবার একটি গরু পালনে ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় বেড়েছে। গরু ক্রয়ের মূল্য ছিল অন্য বছরের তুলনায় এবার অনেক বেশি। অ্যানথ্রাক্সের কোনো ভ্যাকসিন সরকারিভাবে পাচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে বেশি মূল্যে এসব ভ্যাকসিন কিনে গরুকে দিতে হচ্ছে।’সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুল হক বলেন, ‘জেলায় দেড় লাখ গরু আছে। এ পর্যন্ত আট হাজার গরুকে অ্যানথ্রাক্স ভ্যাকসিন দেওয়া হয়েছে। অফিসে কোনো ভ্যাকসিন নেই। কোরবানির আগে সবগুলো গ্রামে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়।’ টাকার বিনিময়ে ভ্যাকসিন দেয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘২৪ সেপ্টেম্বর সাত্তার নামের এক ব্যক্তি আমাদের কর্মীর নাম ব্যবহার করে ভ্যাকসিন দেওয়ার সময় উপজেলার খাজানগর গ্রামে জনতার হাতে আটক হয়েছে।’ দৌলতপুরের প্রাণিসম্পদ কর্মকর্তা বশির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উপজেলায় প্রায় দুই লাখ গরু-ছাগল রয়েছে। এর মধ্যে ধর্মদহ ও বিলগাথুয়া গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে অ্যানথ্রাক্স ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো গ্রামে দেওয়া হবে। উপজেলায় দুই লাখ ভ্যাকসিনের বিপরীতে পাওয়া গেছে মাত্র ছয় হাজার ৮০০। এলাকায় মাইকিং করে সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে সচেতন করা হচ্ছে।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি মাঠপর্যায়ে টাকার বিনিময়ে ভ্যাকসিন দিচ্ছে। তবে এর সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা জড়িত নয়। যদি কোনো কর্মকর্তা জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’