কুষ্টিয়ায় চরমপন্থী ও হত্যা মামলার আসামিরা চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা, অস্ত্র, অপহরণ মামলার আসামি এবং চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন নয়জন এবার কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন। তাঁরা পেশিশক্তি ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রগুলো জানায়, পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী সন্ত্রাসী এবং একাধিক হত্যা, অস্ত্র ও অপহরণ মামলার আসামি ওই প্রার্থীরা দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তাঁরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এলাকায় গণসংযোগ করছেন। রাতে গণসংযোগের সময় তাঁরা অস্ত্র নিয়ে চলাচল করছেন। জেলার ছয় উপজেলার ৬২ ইউপিতে নির্বাচন হচ্ছে। ৩১ মে মিরপুর উপজেলার ১১টি ইউপিতে, ৪ জুন দৌলতপুরের ১৪টি, ৭ জুন ভেড়ামারার ছয়টি, ১১ জুন খোকসার নয়টি, ১৪ জুন কুমারখালীর ১১টি এবং ১৮ জুন সদর উপজেলার ১১টি ইউপিতে নির্বাচন হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, মামলাসংক্রান্ত বিষয়গুলো খুবই জটিল। কোনো প্রার্থীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা থাকতে পারে বা তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও আছে। কিন্তু আদালতে তা বিচারাধীন। এখনো কোনো দণ্ড বা সাজা হয়নি, এমন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি ও নিয়মনীতিবিরোধী কেউ কিছু করলে তাঁকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। যাঁদের বিরুদ্ধে চরমপন্থী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাঁদের সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।সদর উপজেলায় যেসব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ: উপজেলার বাখইল গ্রামের বখতিয়ার হোসেন ঝাউদিয়া ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন। তাঁর বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চারটি মারামারি, ঝিনাইদহ জেলায় একটি হত্যা মামলা রয়েছে। রয়েছে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ। একই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এবারের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান চরমপন্থী সংগঠন গণবাহিনীর শীর্ষস্থানীয় নেতা আজিবরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে অভিযোগ আছে। ২০০০ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করলে আজিবর ভারতে পালিয়ে যান। ২০১০ সালে সেখানে আজিবর খুন হন। আজিবরের অপর সহযোগী তজিবর রহমান ওরফে তোতা উপজেলার হরিনারায়ণপুর ইউপি থেকে নির্বাচন করছেন। এ ব্যাপারে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, বখতিয়ার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মিজানুর ও তোতা গণবাহিনীর শীর্ষস্থানীয় নেতা। সদর উপজেলার আলামপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত আলীর বিরুদ্ধে গণমুক্তিফৌজের পৃষ্ঠপোষকতাসহ একাধিক হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মিরপুর উপজেলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ: সদরপুর ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামারুল আরেফিন। তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে বোমা হামলা মামলার ৬ নম্বর আসামি। কামারুলের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার হোসেন। এর মধ্যে দুটি মামলা বিচারাধীন ও একটির তদন্ত চলছে। রয়েছে কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি)।উপজেলার আমবাড়িয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ আলীর সঙ্গে গণমুক্তিফৌজের শীর্ষস্থানীয় নেতাদের যোগাযোগ রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। দৌলতপুর উপজেলার অভিযুক্ত প্রার্থীরা: তিন হত্যাসহ অপহরণ মামলার আসামি ও দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ একই ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। মরিচা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ভেড়ামারা উপজেলায় কথিত ঈগল বাহিনীর প্রধান। দুটি হত্যা মামলায় তাঁর ৩২ বছরের সাজা হয়েছে। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা রয়েছে। এ ব্যাপারে এএসপি সি এ হালিম বলেন, ফারুকের বিরুদ্ধে করা তিনটি হত্যা মামলার একটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ওই মামলায় তিনি জামিনে আছেন। অন্য দুটি মামলার তদন্ত চলছে। দৌলতপুর উপজেলা যুবলীগের সহসভাপতি সোহেল রানা ওরফে ওরশ কবিরাজ দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী। ‘ক্রসফায়ারে’ পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী পান্না বাহিনীর প্রধান পান্নার মৃত্যুর পর সোহেল ওই বাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহির হোসেন বলেন, সোহেলের বিরুদ্ধে থানায় চারটি হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে সবগুলো মামলায় জামিন নিয়ে ইউপি নির্বাচন করছেন।অভিযুক্তদের ভাষ্য: সব অভিযোগ অস্বীকার করে সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘আমাদের কবিরাজ বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ অপরাধে ২০০১ সালের ১ অক্টোবরের পর চারদলীয় জোট সরকারের সন্ত্রাসীরা আমাদের পরিবারের কাউকে এলাকায় থাকতে দেয়নি। আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ আওয়ামী লীগের নেতা কামারুল আরেফিন ও ফারুক আহমদের মুঠোফোনে যোগাযোগ করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া অন্য কোনো চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।