কুষ্টিয়ায় চরমপন্থী নেতা গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মকিম উদ্দিন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মিরপুর উপজেলার আমলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, মকিম চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল—লাল পতাকা) আঞ্চলিক নেতা। তিনি মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।মিরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মকিম ও তাঁর দলের লোকেরা সংগঠিত হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পুলিশ আমলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মকিম উদ্দিন ২০০৮ সালে তিনটি হত্যা ও একটি চাঁদাবাজি মামলার কারণে ভারতে পালিয়ে যান। সেখানে পুলিশের হাতে গ্রেপ্তার হলে ২০১০ সালের জুন মাসের দিকে তিনি জামিনে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কুষ্টিয়া জেলা কারাগারে হাজতবাস শেষে সম্প্র্রতি তিনি জামিনে মুক্তি পান। ওসি আরও দাবি করেন, মকিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মিরপুর উপজেলার কাতলামরি গ্রামের বকুল অপহরণ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।