কুষ্টিয়ায় চরমপন্থী নেতা নিহত, গণবাহিনীর নারী সদস্য গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইদুল ইসলাম ওরফে মালিথা (৪০) নামের এক চরমপন্থী নিহত হয়েছেন। এর আগে গত সোমবার দিবাগত রাতে লিপি ওরফে মিতা নামের এক নারী চরমপন্থী সদস্যকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া গোয়েন্দা শাখার পুলিশ।পুলিশের ভাষ্যমতে, অঞ্জনগাছি গ্রামের বাসিন্দা সাইদুল চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার এবং লিপি জাসদ গণবাহিনীর সক্রিয় সদস্য। লিপি কুষ্টিয়ার শীর্ষস্থানীয় অপহরণকারী ও চরমপন্থী শাহীনের স্ত্রী। ৯ ফেব্রুয়ারি শাহীন প্রতিপক্ষ চরমপন্থীদের হাতে নিহত হন।অঞ্জনগাছি গ্রামে বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, রাইফেলের পাঁচটি গুলি, বন্দুকের চারটি গুলির খোসা, তিনটি বোমা ও একটি হাঁসুয়া (বড় ছুরি) উদ্ধার করেছে। এ ছাড়া লিপির দেওয়া তথ্য অনুযায়ী কুষ্টিয়া শহর থেকে গতকাল পাঁচটি গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।মিরপুর থানা পুলিশ সূত্রের ভাষ্যমতে, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প ও মিরপুর থানা পুলিশ সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় খবর পায়, সাইদুল তাঁর ছয়-সাতজন সঙ্গীকে নিয়ে অঞ্জনগাছি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে অস্ত্র নিয়ে গোপন বৈঠক করছেন। এ খবরের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে চারটার দিকে র্যাব ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। টের পেয়ে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ ও র্যাব পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধে উভয় পক্ষে অর্ধশতাধিক গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গোলাগুলি থামলে এলাকার মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পান। এলাকাবাসী লাশটি সাইদুলের বলে শনাক্ত করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার সাইদুল চাঁদাবাজি করতেন। তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।কুষ্টিয়া গোয়েন্দা শাখা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে শহরের হাউজিং এলাকায় তাঁর চাচার বাড়ি থেকে লিপিকে গ্রেপ্তার করা হয়। লিপির দেওয়া তথ্যমতে, গতকাল সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের হাড়ুরিয়া গ্রামে আত্মীয় সাইদুর রহমানের বাড়ির পেছন থেকে পাঁচটি গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করে পুলিশ।গতকাল বিকেলে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে লিপিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। লিপি সাংবাদিকদের জানান, ১২ বছর আগে শাহীন জোর করে তাঁকে বিয়ে করেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য শাহীন তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। স্বামীসহ তিনি ছয় বছর ভারতের জলংগী এলাকায় ছিলেন। শাহীন সেখান থেকেও মুঠোফোনের মাধ্যমে দেশে চাঁদাবাজি করতেন।লিপি জানান, বিভিন্ন সময় অপরাধমূলক কাজ থেকে তিনি সরে যেতে চাইলেও শাহীন তাঁর বাবা-মা ও ভাইদের মেরে ফেলার হুমকি দিতেন। অপরাধের জন্য বর্তমানে তিনি অনুতপ্ত। তাঁর ছয় বছরের একটি মেয়ে আছে।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা প্রথম আলোকে জানান, প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে ৯ ফেব্রুয়ারি শাহীন নিহত হওয়ার পর তাঁর দলকে সংগঠিত করতে লিপি দেশে ফিরে আসেন। কুষ্টিয়া শহরের প্রভাবশালী এক চরমপন্থী নেতার সঙ্গে যোগাযোগ করে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন। সুভাষচন্দ্র সাহা আরও জানান, শাহীন কুষ্টিয়াসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও খুনখারাবি করেছেন।কুষ্টিয়া গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন প্রথম আলোকে জানান, লিপির বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।