কুষ্টিয়ায় চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা
কুষ্টিয়ায় চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সামরিক কমান্ডার শাহীন বেগ ওরফে মুক্তিকে (৩৫) প্রতিপক্ষ চরমপন্থীরা গুলি করে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছাইবাড়িয়া মাঠ থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। নিহত শাহীন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের হাড়ুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।পুলিশ জানায়, শাহীনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা, সদর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হত্যা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে একটি মুঠোফোন থেকে রাজীব নামে এক ব্যক্তি নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা পরিচয় দিয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে শাহীনকে হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, ওই রাত সাড়ে আটটার দিকে তাঁদের গেরিলারা মিরপুর উপজেলার কালিগাড়া সেতুর পাশের মাঠের ১০০ গজের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি আরও জানান, ‘শাহীন দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মানুষ অপহরণ করে আসছিল। মুক্তিপণের টাকা না পেলে সে হত্যা করে লাশ গুম করত। সাধারণ মানুষকে স্বস্তি ফিরিয়ে দিতেই পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির গেরিলারা তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করে।’ পুলিশ সুপার শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, চরমপন্থী নিহত হওয়ার খবর পেয়ে সোমবার রাতে স্থানীয় জনগণ ও মিরপুর থানার পুলিশ ওই মাঠে যায়। গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও লাশ না পেয়ে অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়। আজ (মঙ্গলবার) সকাল নয়টা থেকে আবার অভিযান শুরু হয়। বিস্তীর্ণ ওই মাঠে কাজ করার সময় এক কৃষক তামাক খেতের মধ্যে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ছাইবাড়িয়ার মাঠ থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।একাধিক সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হলে শাহীন বেগ ভারতে আত্মগোপন করেন। সম্প্রতি তিনি এলাকায় ফেরেন।শাহীন বেগের গ্রামের পার্শ্ববর্তী আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, ১৯৯১ সালে শাহীন চরমপন্থী সংগঠন সিরাজ বাহিনীর সদস্য হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন। শাহীন বেগের এক কাছের আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনদের কাছেও মোটা অংকের চাঁদা দাবি করতেন তিনি। ২০০২ সালে তাঁর কাছেও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই থেকে তিনি এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করতেন। শাহীন বেগ নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সকালে কুষ্টিয়া সদর উপজেলার হারুলিয়া ও পার্শ্ববর্তী হালসা, আমবাড়িয়া, দুর্গাপুর, পাটিকাবাড়ীসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে।