কুষ্টিয়ায় চরমপন্থীর লাশ উদ্ধার
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মাঝিলা গ্রাম থেকে পুলিশ নবীন (৩৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পুলিশের দাবি, তিনি চরমপন্থী সংগঠন নবীন বাহিনীর প্রধান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মাঝিলা গ্রামের জিকে সাইফুন ব্রিজের কাছে নবীনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নবীন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার বামনগাড়ী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় তিনটি হত্যা, দুটি অপহরণসহ পাঁচটি মামলা রয়েছে। নবীন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, নবীন প্রথমে গণবাহিনীর সদস্য হয়ে চরমপন্থী দলে যোগ দেয়। পরে তিনি শীর্ষ চরমপন্থী শাহীন ওরফে মুক্তি শাহীনের দেহরক্ষী ছিলেন। মুক্তি শাহীন মারা যাওয়ার পর তিনি নিজের নামে একটি বাহিনী তৈরি করেন। এরপর থেকে তিনি জেলায় নানা অপহরণ, হত্যা, জিম্মি অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে থাকেন।সি এ হালিম আরও জানান, ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষ দলের সদস্যরা নবীনকে শ্বাস রোধ করে হত্যা করেছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তাঁর গলায় ও শরীরে বৈদ্যুতিক তার প্যাঁচানো রয়েছে।