কুষ্টিয়ায় চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধিসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ শাহিন। তিনি হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি। পুলিশ আজ শনিবার ভোরে কুমারখালী উপজেলার ঘট্টিয়াঘাট এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করে। তিনি একই এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গতকাল শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির সংস্কারসহ চারটি কাজের অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গেলে কুষ্টিয়া শহর ঠিকাদার, আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন ও তাঁর লোকজন ওই চার সাংবাদিকের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা প্রকাশ্যে সাংবাদিকদের লাঠিসোঁটা, রড, হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে তাঁদের ক্যামেরা ছিনিয়ে নেয়। হামলায় প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান গুরুতর আহন হন। তৌহিদী হাসান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আহত অন্য তিন সাংবাদিক আরটিভির কুষ্টিয়া প্রতিনিধি শেখ হাসান বেলাল, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম ও ক্যামেরা পারসন আহমেদ সজীবকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।এ ঘটনায় সাংবাদিক জহুরুল ইসলাম বাদী হয়ে আলী হোসেন, তাঁর সহযোগী শাহিন, নিজামসহ অজ্ঞাতপরিচয় ২৫ জনের বিরুদ্ধে কুমারখালী থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।