কুষ্টিয়ায় চারজন চরমপন্থী সদস্য গ্রেপ্তার
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা ও ঝিনাইদহ শহর থেকে চরমপন্থী সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা সবাই চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সদস্য।আজ মঙ্গলবার ও গতকাল সোমবার দুপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর গ্রামের সেলিম হোসেন (৩৫), সুজন আলী (২৮), জিন্নাহ (৩২)। আর গতকাল ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে আলমগীর ওরফে কালুকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সিএ) হালিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাঁরা পলাতক ছিল।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চারজনই কুষ্টিয়ায় এক হোমিও চিকিত্সক অপহরণ মামলার আসামি। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরেই আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।