কুষ্টিয়ায় চারু উৎসব
কুষ্টিয়ার চারুশিল্পীদের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে চারু উৎসব। এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চারুশিল্পীরা দেড় শতাধিক শিল্পকর্ম নিয়ে হাজির হয়েছেন। গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার বটতলায় মুক্তমঞ্চে মঙ্গলপ্রদীপ ও রং-তুলির আঁচড়ে এ উৎসবের উদ্বোধন করেন সমরজিৎ রায়চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী নাসরীন বেগম, আবু সেলিম, রফি হক প্রমুখ।উৎসবের প্রথম ধাপ হিসেবে গত ১৩ থেকে ১৫ জানুয়ারি বৃহত্তর কুষ্টিয়ার ২০ জন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চারুকলা কর্মশালা। এ কর্মশালায় চারুশিল্পের নানা মাধ্যমে বর্তমানের কুষ্টিয়াকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে।তিন দিনের উৎসবের প্রতিদিনই থাকছে নবীন ও প্রবীণ চারুশিল্পীদের বিভিন্ন মাধ্যমে আঁকা চিত্রকলা ও ভাস্কর্য, কুষ্টিয়ার চারুকলার ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ ও দুর্লভ শিল্পকর্ম এবং কুষ্টিয়ার প্রকৃতি, মানুষ, স্থাপত্য ইত্যাদি নিয়ে আঁকা নির্বাচিত শিল্পকর্ম।