দেশের বৃহত্ ধান-চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিক সমিতির সদস্যরা অতিরিক্ত বিদ্যুত্ বিল কমানোর দাবিতে গত ৩০ ডিসেম্বর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।কুষ্টিয়ার খাজানগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ বাবলু, সাধারণ সম্পাদক হাজী জামশের আলী, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহসভাপতি এফ এম বজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান মফিজ, এম এ মমিন মণ্ডল, আবুল হোসেন সরদার প্রমুখ।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুত্ বিভাগ ক্যাপাসিটর স্থাপনের কথা বললেও তা মালিকদের মধ্যে প্রচার-প্রচারণা না করায় মালিকেরা যথাসময়ে তা করতে পারেননি। তবে মালিকদের আগামী দুই মাস সময় দিলে এ সমস্যার সমাধান হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুল মান্নানের সঙ্গে কয়েক দফা বৈঠক ও স্মারকলিপি দেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর ক্যাপাসিটর স্থাপনের তাগিদস্বরূপ একটি পত্র প্রেরণ করা হয়। কিন্তু কীভাবে কারা, কখন এ ক্যাপাসিটর স্থাপন করে দেবেন এ ব্যাপারে কোনো ধারণা দেওয়া হয়নি। অথচ ক্যাপাসিটর স্থাপনের সুবিধা-অসুবিধার বিষয়ে মিলমালিকদের কোনো কিছুই অবগত করা হয়নি। সময়মতো ক্যাপাসিটর স্থাপনে ব্যর্থ হওয়ায় মিলমালিকদের মাসিক বিদ্যুত্ বিলের সঙ্গে অতিরিক্ত বিল সংযোজন করা হয়, যা প্রকৃত বিদ্যুত্ বিলের প্রায় সমান। সমাবেশে বলা হয়, ১০ জানুয়ারির মধ্যে বিদ্যুত্ বিল সংশোধন না করলে ১১ জানুয়ারি থেকে কুষ্টিয়ার ছোট-বড় প্রায় ২৫৭টি চাতালকলের চাল উত্পাদন বন্ধ করে দেওয়া হবে।পিডিপির নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘চাতালকল মালিকেরা যে অভিযোগ এনেছেন তা সঠিক নয়। সরকারের নির্দেশ মোতাবেক সবকিছু করা হচ্ছে। খাজানগর এলাকার প্রতিটি চালকল মালিককে লিখিত চিঠির মাধ্যমে প্রতিটি মিলে ক্যাপাসিটর প্রতিষ্ঠার জন্য জানান হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি মিলে ক্যাপাসিটর স্থাপন করায় সেসব মিলের মালিকেরা বিদ্যুত্ সাশ্রয় করে অনুরূপ টাকায় বিদ্যুত্ বিল পরিশোধ করছেন। অথচ কিছুসংখ্যক মিলমালিক এ ব্যাপারে আন্দোলনে নেমেছেন।’তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিকদার সরকার বলেন, ‘গত ২৯ ডিসেম্বর বিল পরিশোধের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। বিল পরিশোধ না হলে টেরিফ রুলের সংশ্লিষ্ট ধারা মোতাবেক খেলাপি গ্রাহক হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। খাজানগরের আওতায় সব মিলে নোটিশ পাঠানো হয়েছে।’