কুষ্টিয়ায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ২০
কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা কুষ্টিয়া বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে বলে ছাত্রদল অভিযোগ করেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজ বিকেলে ছাত্রলীগের একটি মিছিল শহরের সাদ্দাম বাজার থেকে বের হয়ে পাবলিক লাইব্রেরির মাঠের দিকে যাচ্ছিল। এ সময় জেলা ছাত্রদলের একটি মিছিলও শহরের কলেজ মোড় থেকে বের হয়ে পাবলিক লাইব্রেরি মাঠের দিকে যাচ্ছিল। ছাত্রদলের মিছিলটি থানা মোড়ে পৌঁছালে পেছন থেকে ছাত্রলীগের কর্মীরা ওই মিছিলে ধাওয়া করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপেরঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হন। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাবলিক লাইব্রেরির কাছে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। তিনি বলেন, অতর্কিতে এবং পরিকল্পিতভাবেই ছাত্রলীগ এ হামলা চালিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বলেন, তাত্ক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।