কুষ্টিয়ায় ছাত্রলীগের ডাকা হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে কুষ্টিয়ায় অর্ধদিবসের হরতাল প্রত্যাহার করে নিয়েছে জেলা ছাত্রলীগ। তবে কুষ্টিয়া সদর থানার ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা প্রথম আলোকে বলেছেন, পরীক্ষা-সংক্রান্ত কর্মকাণ্ড ছাড়া শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট অব্যাহত থাকবে।আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল বুধবার রাত নয়টার দিকে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতাদের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মীর সাইফুল ইসলামসহ দুজন মারাত্মক আহত হয়। এ ঘটনার প্রতিবাদে রাতেই জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সদর থানা ঘেরাও করে সমাবেশ করে। সমাবেশে আজ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়।জেলা ছাত্রলীগ আজ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত দুই ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রায় শতাধিক বাস ট্রাক আটকা পড়ে দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে।পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঘটনাস্থলে পৌঁছে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। তাঁর কাছ থেকে সন্ত্রাসী নেতা-কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করা হবে জানানো হলে জেলা ছাত্রলীগ হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এদিকে বেলা পৌনে ১১টার দিকে ছাত্রলীগের প্রায় চার শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা না হলে কুষ্টিয়া শহরে আগুন ধরিয়ে দেওয়া হবে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে। তবে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়নি।