কুষ্টিয়ায় ছাত্রলীগের বাধায় কলেজের মৌখিক পরীক্ষা আবারও স্থগিত, সাংবাদিকদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের বাধার মুখে দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেছে সম্মান প্রথম বর্ষের মৌখিক পরীক্ষা। এ সময় ছাত্রলীগের কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দুই সাংবাদিক। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।আহত সাংবাদিক দুজন হলেন—প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস।প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে কলেজের লাইব্রেরি ভবনে প্রথম বর্ষের দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা শুরু হয়। কিন্তু পরীক্ষা শুরুর পরপরই ছাত্রলীগের ৪০-৫০ জন নেতা-কর্মী এসে পরীক্ষা বন্ধ করে দিয়ে ভবনের প্রধান ফটক আটকে দিয়ে সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষকেরাও ভেতরে আটকা পড়েন। ওই দুই সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেয়। একপর্যায়ে সাংবাদিকেরা আটকেপড়া শিক্ষকদের সঙ্গে কথা বলতে ভেতরে ঢোকেন। ছাত্রলীগের কর্মীরা তখন ওই কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং সাংবাদিকদের মারধর করে। একপর্যায়ে সাংবাদিকেরা ফোনে পুলিশ সুপার শাহাবুদ্দিন খানের কাছে সাহায্য চাইলে পুলিশ সুপার সাত-আটজন পুলিশকে ঘটনাস্থলে পাঠান। ছাত্রলীগের কর্মীরা পুলিশের সামনেও সাংবাদিকদের মারধর করে।পরে স্থানীয় অন্যান্য সাংবাদিক ও আরও পুলিশ এসে দুই সাংবাদিককে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এম এ রকিব বলেন, চার শিক্ষক মিলে মৌখিক পরীক্ষা শুরুর পরই ৪০-৫০ জন ছাত্র এসে পরীক্ষা বন্ধ করে দেয়। তারা শিক্ষকদের ভেতরে আটকে রাখে।