কুষ্টিয়ায় ছাপাখানায় আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে সুলভ প্রেস নামে একটি ছাপাখানায় আগুনে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের যন্ত্রপাতি পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ছাপাখানাটিতে হঠাত্ করে গতকাল রাত সাড়ে নয়টার দিকে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। কুষ্টিয়া, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে মুনির হোসেন নামে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আগুনে সুলভ প্রেসের একটি অফসেট মুদ্রণযন্ত্রসহ তিনটি মেশিন, কাগজপত্র ও বিভিন্ন আসবাব পুড়ে গেছে।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক আনসার আলী প্রথম আলোকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।’ সুলভ প্রেসের মালিক ফয়সাল রাব্বির বরাত দিয়ে তিনি আরও জানান, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।