কুষ্টিয়ায় ছিনতাইকারী গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় জিয়ারুল ইসলাম (২৫) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে সাতটার দিকে মিরপুর উপজেলার বরবাড়িয়া-তামালতলা সড়কে এ ঘটনা ঘটে।মিরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মিরপুর উপজেলার আবুরি গ্রামের জনৈক আজিজুল ইসলাম তাঁর মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাঁকে মারধর করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তিনি বিষয়টি টহল পুলিশকে জানালে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালায়। জিয়ারুলকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) কাফরুজ্জামান প্রথম আলোকে বলেন, জিয়ারুল ও অজ্ঞাত আরও চারজনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, জিয়ারুল দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের বাসিন্দা। তিনি ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য। বাকি সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।