কুষ্টিয়ায় ছেলেকে জবাই করল মা
পারিবারিক কলহের জেরে কুষ্টিয়া শহরে ইয়াসির আদনান সুপ্ত (৩ মাস ১৩ দিন) নামের এক শিশুপুত্রকে জবাই করে হত্যা করেছেন মা। আজ বুধবার দুপুরে শহরের পূর্ব মজমপুর এলাকায় এক বাড়ির পাঁচতলায় এ ঘটনা ঘটে। ঘাতক মা ইতিয়ারা, তাঁর মা আজিজা বেগম ও শিশুপুত্রের বাবা আবদুস সালামকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও র্যাবের মেজর কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে পূর্ব মজমপুর এলাকার মামুনের পাঁচতলা ভবনের ভাড়াটিয়া জনতা ব্যাংক কুষ্টিয়া আঞ্চলিক শাখার সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদের স্ত্রী ইতিয়ারা বেগম (২৫) তাঁদের একমাত্র ছেলে ইয়াসিরকে জবাই করে হত্যা করেছেন। ঘটনার পর ঘাতক মা ইতিয়ারা সন্তান হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেন।আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘বেলা দুইটা ১৫ মিনিটে স্ত্রী ইতিয়ারা মুঠোফোনে তাঁকে বলেন আদনানকে জবাই করে হত্যা করেছি। আমাকে পুলিশে দাও।’ তিনি তাত্ক্ষণিক বাসায় এলে রান্নাঘরের মেঝেতে ইয়াসির আদনানের গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। আবদুস সামাদ দাবি করেন, তাঁর স্ত্রী একজন মানসিক রোগী।ইতিয়ারার মা আজিজা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে বিয়ের আগে একটু মানসিক রোগী ছিল। তবে এখন তেমন একটা নেই। কী কারণে তাঁর নাতিকে মারা হয়েছে, তা বুঝতে পারছেন না।ইতিয়ারা প্রথম আলোকে বলেন, ‘আমি বেঁচে থাকতে চাই না, জেলে গেলে আমার ফাঁসি হবে—এ জন্যই সন্তানকে জবাই করেছি। তা ছাড়া আমার স্বামী সব সময় ছেলেকে সময় দেয়। আমাকে সময় দেয় না। আমি মরতে চাই। আমার স্বামী কোনো দোষ করেনি। আমি দোষ করেছি আমাকে ফাঁসি দেন। সব দোষ আমার।’কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতিয়ারা আগে তালাকপ্রাপ্ত ছিলেন। আবদুস সালামেরও আগে এক হিন্দু মেয়ের সঙ্গে বিয়ের পর তালাক হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই ইয়াসির আদনানকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আবদুস সালাম বাদী হয়ে ইতিয়ারাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।