কুষ্টিয়ায় ছয়টি বোমাসহ একজন গ্রেপ্তার
কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকা থেকে চারটি বোমা ও দুটি চকলেট বোমাসহ মাসুদ রানা (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কষ্টিয়া মডেল থানা-পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসুদকে গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।পুলিশের দাবি, মাসুদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কোর্টপাড়া এলাকায় মাসুদ রানাসহ একদল সন্ত্রাসী নাশকতা সৃষ্টি করতে যাচ্ছে। ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও মাসুদ পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁর কাছ থেকে চারটি বোমা ও দুটি চকলেট বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো নিষ্ক্রিয় করতে রাতেই পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়।কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারাধন কুণ্ডু প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। এর আগেও থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।