কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে কলেজছাত্র খুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুল হামিদ (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। তিনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। গতকাল রোববার উপজেলার নওদা তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও মিরপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার নওদা তালবাড়িয়া গ্রামের বাদল সরদারের সঙ্গে তাঁর ভাই হাবিল সরদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় বাদল সরদারের ছেলে হামিদ গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, জমি নিয়ে বিরোধে আবদুল হামিদ মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামিদের বাবা বাদী একটি হত্যা মামলা করেছেন।