কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আধঘণ্টা চলাচল বন্ধ
কুষ্টিয়া শহরের মজমপুর গেটসংলগ্ন সুখনগর বস্তি এলাকায় ট্রেনে কাটা পড়ে জরিনা খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গোয়ালন্দ-খুলনা লাইনে আধঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পোড়াদহ জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর মধুমতী ট্রেন গোয়ালন্দে যাচ্ছিল। কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট পার হয়ে সামনে যাওয়ার পথে সুখনগর বস্তিতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই জরিনা খাতুনের মৃত্যু হয়। লাশ রেললাইনের ওপর পড়ে থাকায় কুষ্টিয়া স্টেশনে শাটল ট্রেন সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আটকে থাকে। কুষ্টিয়া স্টেশনের সহকারী মাস্টার আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জরিনা খাতুন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আন্দোলনের বাজার নামের একটি পত্রিকার অফিস সহকারী সগির উদ্দিনের মা। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।